কক্সবাজারের আলোচিত পিকআপ চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় পিকআপ চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ রোববার (১১ জুন) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


ফরিদুল আলম জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাইবোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় নিহত হন ৫ ভাই। পরে ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত আরেক ভাই রক্তিম শীল।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব প্রথমে হাইওয়ে পুলিশকে দেয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপ চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‍্যাব।

পিপি বলেন, মামলার বিচারিক প্রক্রিয়ায় এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে এক বছর চার মাসের মাথায় এ রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি সাইদুল ইসলাম।