শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। এমনকি শিক্ষকদেরও খাবার নিয়ে যেতে দেয়া হয়নি।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলমগীর কবিরের নেতৃত্বে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ভিসি ও আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা প্রক্টোরিয়াল বডির সদস্যদের ভিসি ভবনের ভেতরে প্রবেশ করতে দেননি।
শিক্ষার্থীদের জন্য আনা প্রক্টোরিয়াল বডির খাবারও ফিরিয়ে দেয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগ দলীয় দুই সিটি কাউন্সিলর একইভাবে খাবার নিয়ে গেলে শিক্ষার্থীরা তাদের প্রবেশ করতে দেননি। বহিরাগতদেরও ঢুকতে দেয়া হচ্ছে না ক্যাম্পাসে।
এর আগে গতকাল রোববার ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে অনশনরত ২৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জনই ভর্তি রয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে।










