আট বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে দুপুর ২টায় আয়োজিত সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চুরি ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। ডিসেম্বরে শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে, নেতাকর্মীরা প্রস্তুত থাকুন। 

ফরিদপুরে আজ বিএনপির গণসমাবেশের প্রসঙ্গ টেনে কাদের বলেন, ফরিদপুরে আমরা বিএনপির অবস্থা দেখেছি, সেখানে শুধু টাকা উড়ছে। আকাশে বাতাসে টাকা, কারণ সেখানে মনোনয়ন বাণিজ্য হচ্ছে। বস্তায় বস্তায় টাকার লেনদেন হচ্ছে। 

সম্মেলনে প্রধান বক্তা মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, আমাদের বর্তমান যে অর্থনৈতিক মুক্তি সেটাও হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। এই বাংলাদেশ ছিল চরম দরিদ্র রাষ্ট্র। শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করার পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হয়েছে। শেখ হাসিনার সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ সেলিম বলেন, জিয়া, মোশতাক, ফারুক রশিদ তারা পাকিস্তানের এজেন্ট। তারা নিজেদের রক্ষা করার স্বার্থেই বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়। 

জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদীর চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম, উবায়দুল মোকতাদীর চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নাম পুনরায় ঘোষনা করা হয়। এ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী মন্টুর নাম ঘোষণা করা হয়।