জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে ভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন করে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ থেকে ৯ অক্টোবর পর্যন্ত নিজেদের দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট ছাড়াও আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই-আগস্টের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী লীগ সরকারের শরিক ১৪ দলের বিচারের দাবি জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জাতির ক্রান্তিলগ্নে ডকট্রিন অব নেসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে আমাদের অবস্থান বারবার ব্যক্ত করে আসছি। এ লক্ষ্যে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত এরই মধ্যে সরকারের কাছে দুটি প্রস্তাব করেছে। প্রথমত, জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা এবং দ্বিতীয়ত, এ সনদের অধিকতর আইনি ভিত্তি দেয়ার জন্য নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদ বাস্তবায়ন করা।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এ দ্বিতীয় দফা কর্মসূচি।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।