নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত দলের সঙ্গে র্যাবের কথিত বন্ধুকযুদ্ধে অজ্ঞাত যুবকের মৃত্যু ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা করেছে র্যাব। গতকাল সকালে র্যাব-১-এর পুলিশ পরিদর্শক জুলহাস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাগুলো করেন। মামলায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।
এর আগে রোববার ভোরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ ওই যুবক ডাকাত দলের সদস্য এবং বন্দুকযুদ্ধের সময় ডাকাত দলের ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছে র্যাব।
এজাহারে বলা হয়েছে, রোববার ভোররাতে রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ২২ নম্বর সেক্টরে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় র্যাব-১-এর একটি দল। দলটি ঘটনাস্থলে অভিযান চালালে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় র্যাব পাল্টা গুলি ছোড়ে। অন্তত ১৫ মিনিট তাদের মধ্যে গুলি বিনিময় হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ।










