রাজধানী ঢাকার ডেমরার বাওয়ানী নগর আবাসিক এলাকা থেকে তেল চোর চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর সদস্যরা। এ সময় ১ হাজার ২৮০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। 

সোমবার সকালে এই অভিযান চালানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র‍্যাব-১১ এর এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু। গ্রেফতারকৃরা হলেন, শিপন(৩০), তুষার(২০), নুর হোসেন(২৮), হৃদয়(২০), আতাউর(২২), তুহিন(২৫)। অভিযানে ৪টি প্লাস্টিকের খালি ট্যাঙ্কি, ২টি পাইপ যুক্ত মোটর, চোরাই তেল ক্রয়-বিক্রয়ের নগদ ৫১ হাজার ৫০০ টাকা ও ২টি পিকআপ জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ তেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলরত ভারী যানবাহন যেমন ট্রাক, কাভার্ডভ্যান থেকে জ্বালানি তেল চুরি করে আসছে। দূরপাল্লার ভারী যানবাহনগুলো চলাচলের সময় বিশেষ করে রাত্রীকালে চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে ফাঁকা জায়গায় পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে এই চোরচক্র অভিনব কৌশলে গাড়ি থেকে তেল চুরি করতো। 

পরে তারা চোরাইকৃত তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন তেল ব্যবসায়ীদের কাছে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলেও জানা যায়।