আগামী দু-একদিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু-একদিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারব। কারণ, অলরেডি আমাদের দেশনেত্রী চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জায়গা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে।’
গতকাল সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথাগুলো বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এমএ মালিক ও এনামুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট থেকে প্রচারাভিযান নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমরা আশা করি, এবারো তা হবে। আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা তিনি (তারেক রহমান) সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।’
দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বিএনপির প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন ও সজাগ এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি যে এ ধরনের ঘটনা ঘটবে না।’
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলে বিএনপি সর্বদলীয় সরকার গঠন করবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘সর্বদলীয় নয়। আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করব, কিন্তু এটা সর্বদলীয় নয়।’










