ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় তিনটি ডিমের আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী বাজারের ডিমের আড়ত ও দোকানগুলোয় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি বলেন, ডিমের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়েছে। মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকায় তিনটি ডিমের আড়তকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আড়ত ও দোকান মালিকদের মূল্য তালিকা ও ক্যাশ মেমো সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এতে করে দোকানদার কত মুনাফা করছে সেটি বোঝা যাবে।