ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্পগুলো নিয়ে
কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি,
ঠিকাদাররা দ্রুতই কাজে ফিরে আসবেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ
ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তারা।
এ সময় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,
ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী, সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ
প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই। বিজ্ঞান-প্রযুক্তিসহ
আরো বড় প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে।
বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো জায়গা উল্লেখ
করে উপদেষ্টা বলেন, ভারতকে আরো বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
দুই দেশ একসঙ্গে আগের মতোই কাজ করছে বলে
জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প
স্থগিত হয়নি। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও
তারা দ্রুতই ফিরে আসবে এবং কাজ শুরু হবে।
ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার
বিষয়েও সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক
এগিয়ে নেবে ভারত।










