করোনাভাইরাসের চলমান সংকট খুব দ্রুতই কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। আজ সোমবার বিকেলে ঢাকা থেকে এক ভিডিও বার্তায় তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ জেলার কাজিপুর পৌরসভা প্রাঙ্গণে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার এবং দলের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। শেখ হাসিনার সরকারের সময়ে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন এখন বিশ্বের প্রায় সবদেশেই চলছে জরুরি অবস্থা। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।

করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নাসিম আরো বলেন, করোনার কারণে কর্মহীন এবং মানুষ গৃহবন্দী জীবনযাপন করলেও বর্তমান সরকার অসহায় মানুষের ঘরে ঘরে চিকিৎসা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। 

সরকারি সহায়তার পাশাপাশি তিনি তার ব্যক্তিগত অর্থায়ন থেকে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করছেন বলেও জানান। সবাই যেন সুষ্ঠুভাবে ত্রাণ পায় সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।