সিরাজগঞ্জের তাড়াশে দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারায়ণ কর্মকার (৪৫) নামে আহত ভ্যানচালক মারা গেছেন। নিহত চালক তাড়াশ পৌর শহরের তাড়াশ রাধা গোবিন্দ মন্দির এলাকার পলান কর্মকারের ভগ্নিপতি।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে বিপরীত থেকে আসা দুটি অটোভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাড়াশ-কাটাগাড়ি আঞ্চলিক সড়কের কাস্তা এলাকা থেকে ভ্যান চালিয়ে আসার পথে দু’টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নারায়ণ কর্মকার গুরুতর আহত হন। 

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।