ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আকতার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষের সময় নিজ চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মারা যান তিনি। গতকাল রোববার রাতে উপজেলার গুনিয়াউক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, চাচাতো ভাই দুলাল মিয়ার সঙ্গে আকতারের জায়গা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে বাকবিতণ্ডা থেকে দুই পরিবারের সদস্যরা দা-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পরিবারের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়াসহ ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান তিনি।










