সেন্ট মার্টিন থেকে ২৪০ পর্যটক নিয়ে ফেরার পথে দমকা হাওয়ার কবলে পড়ে এমভি পারিজাত নামের একটি জাহাজ। বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটি প্রচণ্ডভাবে দুলতে থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আতঙ্ক সৃষ্টি হয় সবার মাঝেই। মাঝ সাগরে গতকাল বিকালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষক ও শিক্ষার্থী ছিলেন জাহাজ এমভি পারিজাতে। এক শিক্ষার্থী জানান, সেন্ট মার্টিন জেটি থেকে গতকাল বেলা সাড়ে ৩টায় ছেড়ে আসার ১৫ মিনিটের মধ্যেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি। এ সময় জাহাজে থাকা পর্যটকের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দুলতে দুলতেই সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছলে সবার মাঝে স্বস্তি নামে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে পর্যটকরা রক্ষা পেয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে এমভি পারিজাতের ব্যবস্থাপক মোহাম্মদ সোহেলের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচএম নজরুল ইসলাম বলেন, ‘সেন্ট মার্টিন রুটে চলাচলকারী অধিকাংশ জাহাজ ফিটনেসবিহীন। কেউ হাইকোর্টের আদেশে কেউ ক্ষমতার দাপটে দীর্ঘ বছর ধরে বাণিজ্য করে যাচ্ছে। এমনকি নদীর জাহাজ সমুদ্রে চলছে, এমন যানও রয়েছে সেন্ট মার্টিন রুটে।’










