সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩৫৭ কেজি ন্যায্যমূল্যের চালসহ আলাউদ্দিন হোসেন নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। 

গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামে আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে চালসহ আলাউদ্দিনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোকছেদ আলীর ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান  জানান, ডিলার আলাউদ্দিন হোসেন ১০ টাকা কেজিদরের ন্যায্য মূল্যের ৩৫৭ কেজি চাল প্রতিবেশী আবু বক্কর মোল্লার বাড়িতে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।

এ সময় বাড়ির মালিক আবু বক্কর মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ডিলার আলাউদ্দিন আমার অবর্তমানে জোর করে চালগুলো রেখে গেছেন। এরপর নিজ বাড়ি থেকে ডিলার আলাউদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি চাল চুরির ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।