নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণকাজ করার সময় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন হূদয় হোসেন (৪০) ও দুলালী (৩৮)। আহত শ্রমিক মিম আক্তারের  অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১টায় বন্দরের উত্তর লক্ষ্মণ খোলা এলাকায় সিটি করপোরেশনের ড্রেনের নির্মাণকাজ চলছিল। এ সময় ঠিকাদার নিরাপত্তা ব্যবস্থা না করে ড্রেনের কাজ করার সময় প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে পড়ে পাঁচ শ্রমিকের ওপর। গুরুতর আহত শ্রমিকদের প্রথমে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ড্রেন নির্মাণকাজে নিয়োজিত জাহেদা বেগম নামের নারী শ্রমিক জানান, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণকাজ করছিলেন। বেলা ১টার দিকে ড্রেনের পাশে উত্তর লক্ষ্মণ খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ধসে পড়ে। এ সময় হূদয়, মিম ও দুলালীসহ পাঁচ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

সোনারগাঁ ও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, উত্তর লক্ষ্মণ খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মাণকাজ করছিলেন রাসেল নামের এক ঠিকাদার। গুরুতর আহত তিন শ্রমিকের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অবহেলায় বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

স্থানীয় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন জানান, সিটি করপোরেশনের ঠিকাদার রাসেল গতকাল স্কুলের পাশে ড্রেন নির্মাণকাজ করছিলেন। এ সময় স্কুলের দেয়াল ধসে পাঁচ শ্রমিক আহত হয়েছে বলে জেনেছি। ঠিকাদার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না করায় এবং স্কুলের দেয়াল রক্ষায় কোনো প্রটেকশন না দেয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে শুনেছি।