কক্সবাজারের চকরিয়ায় সালিশ বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধির সামনে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।

স্থানীয়রা জানান, ছয়-সাত সাস আগে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হাতে কামড় দেন। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। কয়েকদিন আগে ওই এলাকার মোহাম্মদ এনামের ছেলে মো. আয়াজ (২২) আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ বলে কটাক্ষ করেন। একপর্যায়ে এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদের কাছে বিচার দেন আনোয়ার। শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাজারে একটি কামারের দোকানের সামনে বসে এ বিষয়ে বিচার চলছিল। একপর্যায়ে আয়াজ ছুরি দিয়ে আনোয়ার হোসেনের পিঠে আঘাত করেন।

 এছাড়া লোহার রড নিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক আবদুল জব্বার বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’