নারায়ণগঞ্জের চাষাঢ়ার ডাকবাংলো মোড়ে ট্রাকচাপায় রিকশারোহী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ হোসেন ও তার মেয়ে বেলী আক্তার। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাঢ়া থেকে রিকশা করে বাবা-মেয়ে পঞ্চবটির দিকে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক রিকশাকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। ট্রাকটির চাকা তাদের মাথার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান আলতাফ হোসেন। পরে চালক ট্রাক রেখে পালানোর চেষ্টা করলে তাকে ধরে পুলিশের কাছে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত ৩ ডিসেম্বর আমেরিকা থেকে দেশে ফিরে বেলী তার খালার বাসায় অবস্থান করছিল। গতকাল একটি অনুষ্ঠানে যেতে মেয়েকে নিয়ে আসতে যান বাবা আলতাফ। ফেরার পথে এ ঘটনা ঘটে।