কক্সবাজারের
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত ৫ জন হত্যার ঘটনায়
জড়িত সন্দেহে ৬ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ
ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি
উদ্ধার করা হয়।
শুক্রবার (৭
জুলাই) গভীর রাতে ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা সবাই ওই ক্যাম্পে আশ্রিত। বিষয়টি নিশ্চিত করেছেন ৮
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ
ফোরকান (২৩), মোহাম্মদ জুবায়ের (২৯), বি রহমান (৩৪), উখিয়ার ৯ নং রোহিঙ্গা
ক্যাম্পের এনাম উল্লাহ (২৩), এবাদত উল্লাহ (২৫) এবং
উখিয়ার ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের আরিফ উল্লাহ (৩০)। আটককৃতদের
বিকাল তিনটার দিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এদিকে
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘ফাইভ মার্ডারের’ ঘটনায় এখনও ভুক্তভোগী
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সে কারণে এখনো মামলা রেকর্ড করা হয়নি। মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ
থেকে অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।










