আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ আছেন। সিটি করপোরেশন নির্বাচনে ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছেন।
গতকাল সন্ধ্যায় নগরীর ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় সমন্বয়ের দায়িত্ব থাকা জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, এসএম কালাম হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান দীপু প্রমুখ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও সরিয়ে দেয়া হলো তৈমুরকে: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।










