সিরাজগঞ্জে গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার পাশাপাশি নামে তাপমাত্রাও। ঘনকুয়াশার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানবাহন চলাচল ব্যাহত হয়। যানবাহনের ধীরগতির কারণে মাহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অন্যদিকে রাতভর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে ঢাকা-রংপুর মহাসড়কে ঘন কুয়াশার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করে যানবাহন। ভোরে কুয়াশা আরো বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, গতকাল ভোরে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় পূর্ব-পশ্চিম পাড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুনরায় সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হলে প্রায় ৩ ঘণ্টা পর যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।