কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণ ও ডাকাতির অন্যতম হোতা ছলে বাহিনীর প্রধান ছলেসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ছলে বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে ছলে ডাকাত (৩০), নুরুল আলম নূরু (৪০), আক্তার কামাল সোহেল (৩৭), নুরুল আলম লালু (২৪), হারুনুর রশিদ (২৩) ও রিয়াজ উদ্দিন বাপ্পি (১৭)।

গতকাল বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যমে শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘সম্প্রতি টেকনাফ অপহরণের প্রবণতা বেড়েছে। এটি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আমাদের কাছে খবর আসে ছলে বাহিনী অপহরণের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আমরা পাহাড়ে অভিযান পরিচালনা করি। এ সময় ছলে বাহিনীর প্রধানসহ ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেশীয় তৈরি তিনটি একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুকসহ মোট ১১টি দেশীয় তৈরি বন্দুক, ১৭ রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড খালি কার্তুজ, দুটি ছুরি ও ছয়টি দেশীয় তৈরি দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেছে টেকনাফের দুর্গম পাহাড়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কার্যক্রমের সঙ্গে তারা জড়িত।’