শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের দুই দিনের ও ধানমন্ডি থানায় করা মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। এ সময় তুহিনের সাত দিনের ও শাহে আলম মুরাদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র রিমান্ডের আদেশ দেন।

গত ২২ জুন নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তুহিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আর ১৭ এপ্রিল উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়।

তুহিনের মামলায় অভিযোগ, ৪ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানার এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে যুব মহিলা লীগের নেত্রী ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাত ১৪-১৫ জন মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে দেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মোতালেব হত্যা মামলায় বলা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে জিগাতলা এলাকায় গুলিতে নিহত হন কিশোর আব্দুল মোতালেব। ২৬ আগস্ট তার বাবা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।