কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আটক দুই দালালকে ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গোলচত্বর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার ১১নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু সবুর (৩২) ও পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের সব্বির আহমদের ছেলে মনির উদ্দিন (৬০)।

দুদক কক্সবাজার জেলা সমন্বিত অফিসের উপপরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা আটক দুজন পাসপোর্টসংক্রান্ত কাজে দালালির সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন। নিয়মিত এ অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি।