ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর আরো ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে উপজেলার সস্তা বাজার থেকে তাদের আটক করা হয়।
বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এসময় সস্তা বাজার থেকে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশুকে আটক করা হয়।
বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা দাবি করে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়েছিল। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাসে ২৬০ জন ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ৬১ জনকে আটক করলো বিজিবি।










