সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খানকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
আজ রোববার সকালে চান্দাইকোন বাজার এলাকায় তার নিজ বাড়ির শোবার ঘরে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার ছোট ভাই দুলাল খান জানান, সকালে বাসার কলিংবেল চেপে শোবার ঘরে ঢুকে পড়ে একদল মুখোশধারী সন্ত্রাসী। চেয়ারম্যানকে এলাপাতারি কোপাতে থাকলে তার স্ত্রী চিৎকার দেন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তবে কে কী কারণে তার ওপর হামলা করেছে তা জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










