ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক বেওয়ারিশ লাশ দাফনকারী সমাজসেবক ও সাংবাদিক আশিকুর রহমান আশিক (২৭) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে শহরের অবকাশ পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি বাতিঘর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ছিলেন।

তার সহকর্মীরা জানান, প্রায় তিন সপ্তাহ আগে একজন রোগীকে রক্ত দেয়া নিয়ে আশিকের সঙ্গে রায়হান নামে এক যুবকের বিরোধ দেখা দেয়। গতকাল বিকালে শহরের অবকাশ পার্কে বাতিঘর-এর সভা ছিল। সভা শেষে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় ভাদুঘর এলাকার রায়হানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আশিকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর অভিযান চালিয়ে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে রায়হানকে ছুরিসহ আটক করা হয়েছে।