কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পৃথক দুই স্থান থেকে অজ্ঞাতনামা দুই নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টায় গলাচিপা ও দক্ষিণপাড়া মুড়ার জঙ্গল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

দুজনের বয়স আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আহমদ। তিনি বলেন, ‘সেন্টমার্টিনের ৯ নং ওয়ার্ডের পৃথক দুই স্থান থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। শরীর মাংস ঝরে যাওয়ায় নিহতদের শনাক্ত করা যাচ্ছে না।’

স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, ‘পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। মরদেহগুলো অর্ধ-গলিত অবস্থায় রয়েছে। এ কারণে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।’

ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক তাদের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।