সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে আন্দোলনরত ও অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আলোচনায় মন্ত্রী নানা আশ্বাস দিলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলত শিক্ষার্থীরা। আজ  রোববার ফের আলোচনায় বসার কথা রয়েছে তাদের।

গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ১২৯ নম্বর কক্ষে জুম প্ল্যাটফর্মে প্রায় এক ঘণ্টা এ আলোচনা চলে।

আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চলমান সংকট নিয়ে কোনো সমাধানে আসতে পারেননি আন্দোলনকারীরা। এ কারণে আজ  রোববার অন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রীকে লিখিত আকারে দাবি-দাওয়া জানাবেন তারা। সেইসঙ্গে পরবর্তী করণীয় সম্পর্কেও সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষার্থীরা বলেন, আলোচনার মাধ্যমে অন্য পথ বের করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তবে আমরা বলেছি, এ উপাচার্যের ক্যাম্পাসে থাকাই আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি। তিনি না সরলে অনশন চলবে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রীর মাধ্যম হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এরই মধ্যে অনশনরত ২৩ জনের সবাই অসুস্থ হয়েছেন। শিক্ষার্থীরা আর বেশি অবস্থান করলে অসুস্থতা আরো বাড়বে। শিক্ষার্থীদের আইনগত ও একাডেমিক সমস্যা যাতে না হয় সেজন্য মন্ত্রী সব বিষয় দেখবেন বলেও আশ্বস্ত করেছেন। আন্দোলনরত ও অনশনরত শিক্ষার্থীদের অনুরোধ করেছেন তারা যেন অনশন ভেঙে আন্দোলন থেকে সরে আসেন। তিনি আলোচনার ব্যাপারে প্রস্তুত রয়েছেন বলেও শিক্ষার্থীদের জানিয়েছেন।

আলোচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।