নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় ফুল ব্যবসায়ীকে পিটিয়ে ও সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সুজন হক জানান, মঙ্গলবার রাতে শহরের আমলাপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় স্থানীয়রা আব্দুল কাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের গলায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, নিহত আব্দুল কাদের শেরপুর জেলার চাপাতলী গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তিনি খানপুর এলাকায় সপরিবারে ভাড়া বাড়িতে বসবাস করে। পেশায় তিনি একজন ফুলবিক্রেতা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল নতুন আইলপাড়া এলাকায় বাসার সামনে তানিয়া আক্তারের গলাকাটা  লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী। কে বা কারা কী কারণে তানিয়াকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের  প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো জানান, নিহত তানিয়া আক্তার বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। তিনি দুই বোনকে নিয়ে নতুন আইলপাড়া এলাকায় বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন।