নতুন বছরে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এমন প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। খ্রিস্টীয় নববর্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে গতকাল রাতে এক বাণীতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বাণীতে তারেক রহমান বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাসহ সার্বিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সব অধিকারকে বন্দি করে রেখেছিল। এখন আবারো সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘আমাদের এখনো হয়তো আরো কষ্টকর পথ অতিক্রম করতে হবে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের চর্চা এবং বিকাশ সাধনে আমাদের আরো বেশি তৎপর হতে হবে। আর কোনোভাবেই যাতে নিষ্ঠুর ফ্যাসিবাদের উত্থান না হয়, সেজন্য আমাদের মজবুত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।’










