যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেননি তারা।
গতকাল ভোরে পাঁচভূলাট এলাকা থেকে স্বর্ণের চালান উদ্ধার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যাওয়া দুই পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা করেছে বিজিবি। উদ্ধার স্বর্ণগুলোর ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম।
পলাতক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের রিয়াজুল ইসলাম (৪০)।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সীমান্তের পাঁচভূলাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়।










