নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব ভুঁইয়া নামের এক মাদক কারবারির ঘরে তল্লাশি চালিয়ে ১৫টি কার্টনভর্তি ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। গতকাল ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিমউদ্দিন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে রাকিব ভুঁইয়া বিয়ারের ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। সোমবার ভোরে ভুলতা ফাঁড়ির এক দল পুলিশ রাকিব ভুঁইয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ১৫টি কার্টনভর্তি ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিব ভুঁইয়া পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।