সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় দুই কেজি। এর বাজারমূল্য প্রায় সোয়া কোটি টাকা।
কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার জামিল আহমদ (২৮)। উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল। অন্য দুটি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালঙ্কার তার হাত ব্যাগ থেকে উদ্ধার করা হয়। স্বর্ণ উদ্ধারের পর জামিল আহমদকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করে সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন বলেন, গোপন তথ্য পেয়ে দুবাই থেকে আসা জামিল আহমদের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সঙ্গে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন জামিল। এরপর সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দুবাই ফেরত জামিলের হাত ব্যাগ থেকে দুটি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার ছাড়াও স্বর্ণালঙ্কারের মধ্যে বেশির ভাগই গলার। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য সোয়া কোটি টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সব ধরনের চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।










