ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এক ভবনেই সব ধরনের সেবা মিলবে। এজন্য যাত্রী ছাউনিসহ একাধিক স্থাপনা নির্মাণে ব্যয় হবে ১০৫ কোটি টাকা। গতকাল দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে বন্দরসংশ্লিষ্টদের বৈঠকে যোগ দেবেন তিনি।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর বলেন, বেনাপোল স্থলবন্দরের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা যেন কোনো ধরনের সমস্যা ছাড়াই চলাচল করতে পারেন সে ব্যবস্থা নেয়া হবে। এজন্য আখাউড়া স্থলবন্দরকে আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ২১৭ কোটি টাকার অর্থায়ন পেয়েছি। এর মধ্যে আখাউড়া স্থলবন্দরে ১০৫ কোটি টাকা ব্যয় করব।

তিনি আরো বলেন, নতুন যে স্থলবন্দরগুলো হচ্ছে সেগুলার মতো এখানেও মাল্টি এজেন্সি সার্ভিস সেন্টার তৈরি করা হবে। যেখানে একই ভবনের ভেতর সব সুবিধা পাবেন যাত্রীরা। এর আগে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বন্দরে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।