করোনা সন্দেহে মহাসড়কের পাশে পরিবারের ফেলে যাওয়া বৃদ্ধ সোবহান আলী (৭০) মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে বৃদ্ধ সোবহান আলী উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানিক দিয়ার গ্রামের বৃদ্ধ সোবহান আলী (৭০)। গত ১৫ জুলাই গভীর রাতে উল্লাপাড়া পৌর টার্মিনালের কাছে মহাসড়কের ধারে বৃদ্ধকে ফেলে পালিয়ে যান তার ছেলে নজরুল ইসলাম। খবর পেয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ বৃদ্ধ বাবাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এদিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ সোবহান আলীর ছেলে নজরুল ইসলামের করোনাকালে এই ‘অমানবিক ও ঘৃণ্য কর্মকাণ্ডের’ জন্য গত বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে নাটোর জেলার সিংড়া উপজেলার নওগাঁ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন সোবহানের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল। তিনি হৃদরোগ ও লিভার সমস্যায়ও ভুগছিলেন। তার সঙ্গে যোগ হয় করোনার উপসর্গ।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোবহান আলীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু শুক্রবার রাতেই তিনি মারা যান।