জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় গণহত্যায় নিহতদের পরিবারের সদস্য ও আহতরা এ দাবি জানায়।
‘শাহবাগ রাইজিং’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।
গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের মর্যাদা সমুন্নত না হওয়া এবং গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনো শেষ হয়নি। শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চলাকালে আমরা যেমন সবাই একতাবদ্ধ হয়েছিলাম তেমনি নতুন বাংলাদেশ গড়তে আবারো একসঙ্গে কাজ করতে হবে। তবেই পথ হারাবে না বাংলাদেশ। কেননা এবারের বাংলাদেশ কেবলই আমাদের সবার বাংলাদেশ।’ গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনসহ অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম মোস্তাফিজ, সংগঠক মতিউর রহমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।










