সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’-এর সদস্যরা।
আজ মঙ্গলবার (২২ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাসবাড়ী উওর পাড়া থেকে শকুনটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিশ্বাসবাড়ী উত্তরপাড়ার কাঁচা রাস্তায় বেলা ৩টার দিকে শকুনটিকে দেখেন স্থানীয় দোকানদার মনিরুল ইসলাম। উড়তে না পারায় মনিরুল শকুনটিকে ধরে বেঁধে রাখেন। খবর পেয়ে বেলা ৪টার দিকে দি বার্ড সেফটি হাউসের সদস্যরা এসে সেটিকে নিয়ে যান। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান শকুনটি উদ্ধারে তাদের সহযোগিতা করেন।
দি বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস বলেন, শকুনটিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হচ্ছে। সুস্থ করে আগামী শনিবার রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের কাছে শকুনটিকে হস্তান্তর করা হবে।
রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, ছবি দেখে আপাতত মনে হচ্ছে শকুনটি হিমালয়ী গৃধিনী (হিমালয়ান গ্রিফন ভালচার) জাতের। সম্ভবত ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সিরাজগঞ্জের সলংগা থেকে চরধুবিল থেকে আরেকটি হিমালয়ী গৃধিনী জাতের শকুন উদ্ধার করা হয় এবং ১৬ ডিসেম্বর শকুনটি দিনাজপুর শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।










