নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষকদের ফসলি জমি না কিনে পুলিশের নাম ভাঙিয়ে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে চট্টগ্রামের এক গার্মেন্ট ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে গতকাল পূর্বাচল উপশহরের জলসিঁড়ি গোলচত্বরে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক শফিউল্লাহ, শাহ্জাহান, নাছির, আব্দুস সুবহান, রেজাউল করিম, কৃষাণী জিন্নাত আরা, লাকি আক্তার, রেহেনা প্রমুখ।
মানববন্ধনে বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, রূপগঞ্জ উপজেলার পশিমৌজার কৃষকদের ১ একর ৪৭ শতাংশ ফসলি জমি অবৈধভাবে দখলে নিয়ে চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মাহফুজুর রহমান সীমানা প্রাচীর নির্মাণ করছেন। প্রতিবাদ করলেই বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কৃষকদের ওপর হামলা করা হচ্ছে। পুলিশের নাম ভাঙিয়ে কৃষকদের বিরূদ্ধে মামলা ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। কৃষকদের ফসলি জমি না কিনে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ থানাসহ বিভিন্ন দপ্তরে দিয়েও কোনো কাজ হচ্ছে না।
গোয়ালপাড়া গ্রামের কৃষক শফিউল্লাহ বলেন, আমাদের জমি ক্রয় না করেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করলেই হামলা, মামলা ও পুলিশের ভয় দেখানো হচ্ছে। আবৈধভাবে নির্মাণাধীন সীমানা প্রাচীর বন্ধ করা না হলে কৃষক আন্দোলন গড়ে তোলা হবে।
সীমানা প্রাচীর নির্মাণকারী মাহফুজুর রহমান বলেন, আমার ক্রয় করা জমিতেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তবে কিছু জমি এখনো কেনা হয়নি। ক্রয়ের জন্য চেষ্টা চলছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকদের জমি না কিনেই সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










