নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকার প্রায় ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটির নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক ইসমাইল হোসেন, সীমানা পিলার ও ওয়াকওয়ে প্রকল্পের পরিচালক শাহনেওয়াজ কবির প্রমুখ।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, হাইকোর্টের নির্দেশ মেনে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণকাজ দ্রুত শুরু করার লক্ষ্যে নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।










