অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের জনমানুষের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হচ্ছি।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। প্রণয় ভার্মা আরো বলেন, বহুমুখী খাতে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমরা এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে উন্মুখ।

নতুন সচিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, নতুন দায়িত্ব নেয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। বৈঠকটি ছিল একে অপরের পরিচিতিমূলক।

সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয় উল্লেখ করে এ নিয়ে প্রণয় ভার্মার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন।