সরকার তেলের দাম নিয়ন্ত্রণে যা যা প্রয়োজন সবই করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সরকারের এ ব্যবস্থার কারণে ভোজ্য তেলের দাম কিছুটা কমবে। তাই সবাইকে একটু অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সারা বিশ্বে বিগত চল্লিশ বছরে তেলের দাম যত বেশি হয় নাই তার চেয়ে এখন বেশি হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এ কারণে ভোজ্য তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।
নতুন নির্বাচন কমিশন বিষয়ে তিনি বলেন, তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। প্রথম কাজ হিসেবে তারা শিগগিরই জেলা পরিষদ নির্বাচনের আয়োজন করবেন। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে সেটি করবে সরকার।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌরসভার মেয়র এমজে হাক্কানী, সাবেক পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।










