সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মহাসড়কে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগ তাকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার সকালে হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে তাকে প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।
এরই মধ্যে বিকালে হাটিকুমরুল হাইওয়ে থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন নূরনবী প্রধান। তিনি পঞ্চগড় তেঁতুলিয়া হাইওয়ে থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।
প্রসঙ্গত গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক স্থানে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে তিনচাকার যান চলাচল অবৈধ। ওই দুর্ঘটনার পরপরই হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হলো।










