ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী আইয়ূব আলী ভূঁইয়াকে (৫৮) মারধর করা হয়েছে। এ ঘটনায় অপর প্রার্থী এম এ আজিজের সমর্থকদের দায়ী করছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার শাহপুর বাজারে এই ঘটনা ঘটে।

আহত আইয়ূব আলী ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী। এর আগেও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে আইয়ূব সিএনজি অটোরিকশায় বায়েক ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে চৌমুহনী হয়ে কুটি যাচ্ছিলেন। এ সময় শাহপুর বাজারে দুটি সিএনজি তার গতিরোধ করে। এরপর আইয়ূব আলীকে ৮-১০ জন নামিয়ে এনে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আইয়ূব আলীর অভিযোগে বলেন, হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছি। তারা নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী এম এ আজিজের ভাই-ভাতিজা ও সমর্থক। প্রথমে খোকন সরকার সিএনজি থেকে টেনে নামায়। পরে মাসুদ মিয়া, মনির মিয়া, সোহেল ভূঁইয়াসহ ৪-৫জন এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। এই ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে অভিযোগ অস্বীকার করে অপর সদস্য প্রার্থী আজিজ বলেন, ওই সময় মাসুদ আমার সঙ্গে এক আওয়ামী লীগের নেতার জানাজায় ছিল। বাকী যাদের কথা বলছে, তাদের আমি চিনি না। আইয়ূব আলী ভূঁইয়া সম্পর্কে আমার আত্মীয়। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা বুঝতে পারছি না।

এই বিষয়ে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এক প্রার্থী আহত হওয়ার কথা শুনেছি। আমি তাকে দেখতে গিয়েছি। তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।