ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে নবজাতক বদলে ফেলার অভিযোগে চিকিৎসক ও পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এক পরিবার। এতে জেলা শহরের খ্রিস্টান মেডিকেল সেন্টারের (মিশন হাসপাতাল) চিকিৎসক কামরুন্নাহার ও হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক দুলাল দাসকে অভিযুক্ত করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. জাকারিয়া বলেন, জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার সালসাবিল আক্তার রিয়া গত ২ ডিসেম্বর মিশন মেডিকেল সেন্টারে কন্যা সন্তান প্রসব করেন। জন্মের পরই শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। পরে বিকেলে ওই নবজাতককে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর কর্মচারীরা এসে বলে, এটি আপনার সন্তান নয়। এ সময় রিয়ার কাছ থেকে শিশুটিকে নিয়ে অন্য একটি কন্যা শিশু তার হাতে তুলে দেয় তারা। কিছুক্ষণ পর আবার এসে ওই শিশুটিকে নিয়ে যায় এবং বলে, এটিও আপনার সন্তান নয়। এভাবে তারা তিন দফা শিশুটিকে বদল করে।

চতুর্থবারে পরিবারটির সন্দেহ হয় এবং এ অভিযোগে প্রসূতির বোন অজান্তা আক্তার আদালতে মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) মামলাটির তদন্তভার দেন।

মামলার বিবাদী চিকিৎসক কামরুন্নাহার বলেন, ওই প্রসূতি আমার অধীনে চিকিৎসাধীন ছিলেন। তবে নবজাতক বদল হওয়ার মতো কোনো ঘটনার কথা জানেন না তিনি। তবে মামলার বিষয়ে শুনেছেন তিনি। তদন্তে সত্য উদঘাটন হবে বলে প্রত্যাশা তার।