২০১২ সালের গণতান্ত্রিক সংবিধান আন্দোলন থেকে শুরু হয়ে সময়ের প্রয়োজনে ২০২১ সালে জন্ম নেয়া রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের বিশেষ প্রতিনিধি সম্মেলন করেছে। রাজধানীর জোয়ার সাহারার এসএকে সেন্টারে গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের সারা দেশের ১৩০ কমিটির প্রায় ২০০ প্রতিনিধি যোগ দেন।
কাউন্সিলে দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঘোষণা করা হয়। কাউন্সিলে দলের নতুন নির্বাহী কমিটিও নির্বাচিত হয়। সেখানে অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম সভাপতি নির্বাচিত হন। স্বাগত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি হাসনাত কাইয়ূম জানান, ২০১২ সালে সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে শুরু হওয়া একটা ছোট গ্রুপ আজ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে জনমত তৈরি করতে সমর্থ হয়েছে। কিন্তু মানবিক রাষ্ট্রের বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। সে লক্ষ্যে জুলাই সনদের একটি টেকসই ও সবার কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের পদ্ধতি জরুরি। রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই সনদের টেকসই ও সবার কাছে গ্রহণযোগ্য বাস্তবায়নের ওপর শুরু থেকেই গুরুত্ব দিয়ে কাজ করছে।










