ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগে মো. জুবায়ের (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মকবুল মিয়া (৪৫), মা রেখা বেগম (৪০) ও বড় ভাই জয় (১৪) দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাঁচতলা ভবনের নিচতলার একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার শরীফপুর গ্রামের মকবুল মিয়া ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তনগর এলাকার মোহাম্মদ আলাই মিয়ার পাঁচতলাবিশিষ্ট বাড়ির নিচতলার একটি বাসায় রাত সোয়া ১০টার দিকে আগুন লাগে। ওই বাসাটিতে মকবুল হোসেন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশু জুবায়েরের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘর থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করেন। অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।