ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বেলা দেড়টায় শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এদিকে, ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বিকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।










