মহামারী করোনায় সিলেটে ফের সর্বোচ্চ মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। যা ২৪ ঘন্টায় এই বিভাগের সর্বোচ্চ মৃত্যু। মারা যাওয়া ৮ জনের মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।এর আগে গত ২৫ এপ্রিল সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একই সংখ্যক রোগীর মৃত্যু হয়েছিলো।

এছাড়া গত ১ জুলাই ও ১৬ জুন সিলেটে ৭ জন করে মারা গিয়েছিলেন। যা একদিনে সিলেটে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।গত ২৪ ঘন্টায় ৮ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৯১ জন। এই বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ২৫৩ জনের শরীরে।

সিলেট বিভাগে গত কদিন ধরেই বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সিলেটের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) মিলছে না ও করোনা রোগীদের শয্যা সঙ্কট দেখা দিয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে সরকার শাটডাউন ঘোষণা করলেও তার সুফল পাওয়া যাচ্ছে না। বরং শাটডাউনের মধ্যেই একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো সিলেট।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা.সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় বিভাগে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জ জেলার ২১ জন, হবিগঞ্জ জেলার ৫৪ জন ও মৌলভীবাজার জেলার ৬১ জন রয়েছেন।

এদিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।