দাফনের পর চারদিন পেরিয়ে গেলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানাতে আগত মানুষের ঢল থামছেই না। গতকাল সকাল থেকে শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করেই মানুষজন দলে দলে ছুটে যান নেত্রীর সমাধিস্থলে। কেউ ফুল হাতে, কেউ শুধু নিঃশব্দ দোয়া নিয়ে।

সমাধিস্থলে গিয়ে দেখা যায়, রাজধানীর নানা প্রান্ত এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে আসছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

ফুলে ঢেকে যায় কবরের বেদি। কেউ মাথা নিচু করে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, কেউ চোখ বন্ধ করে দোয়ায় মগ্ন। কবরের পাশে স্থাপিত ছোট মঞ্চে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা কোরআন পাঠ করেন। বাতাসে ভেসে থাকা সেই আয়াতের সুর পুরো পরিবেশকে আরো ভারী ও আবেগময় করে তুলছিল।

বিএনপির পাশাপাশি সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও ফুলেল শ্রদ্ধা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন একাধারে আপসহীন, মানবিক এবং বাংলাদেশপন্থী রাজনীতির ধারক। তার রেখে যাওয়া সেই আদর্শিক রাজনীতি বজায় রাখার শপথ নিয়েছে ছাত্রদল। আপসহীন নেত্রী খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, এটা মেনে নিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তবে তার আপসহীনতার রাজনীতির অংশীদার হতে পেরে তরুণ প্রজন্ম আজ গর্বিত।’

গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে এ কথা বলেন তিনি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন।