সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)। সম্পর্কে তারা খালা-ভাগনি।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আছিনূর খাতুন তার ভাগনি নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আছিনূর খাতুন। গুরুতর আহত হন নূপুর। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই মারা যান তিনি।










